Ridge Bangla

ভিউ বাড়াতে নারীদের ধাক্কা দিয়ে গোপনে ভিডিও, ইউটিউবার গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও আয় বাড়ানোর উদ্দেশ্যে নারী মোটরসাইকেল আরোহী এবং নাবালিকাদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

রোববার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুরমান সিং নামের ওই যুবক ‘রোড সেফটি ওয়ালা’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাকাউন্ট পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে রাস্তায় নারী ও শিশুদের হয়রানি এবং অনুমতি ছাড়া তাদের ভিডিও ধারণের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ জুন রাজা গার্ডেন এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেন, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর নাবালিকা দুই মেয়ের স্কুটিতে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তারা মেয়েদের অনুসরণ করে আপত্তিকর মন্তব্য করে। পরবর্তীতে তিনি ওই ঘটনার ভিডিও অভিযুক্তের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে দেখতে পান।

পুলিশের ভাষ্য, গুরমান সিং রাস্তায় নারী চালক কিংবা যানবাহনের পেছনে বসা নারী ও নাবালিকাদের লক্ষ্য করতেন। এরপর ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহনে ধাক্কা দিতেন। ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখাতে তিনি সঙ্গে সঙ্গে ‘সরি’ বলতেন। এরপর গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।

পশ্চিম দিল্লির উপ-পুলিশ কমিশনার হারেশ্বর স্বামী জানান, গুরমান ‘বাইকারঅনরোড৩৩’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যেখানে প্রায় ২১ হাজার গ্রাহক রয়েছে। এছাড়া তাঁর ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় ২ লাখ ১০ হাজার।

তদন্তে দেখা গেছে, তাঁর চ্যানেলের অধিকাংশ ভিডিওতেই নারী ও নাবালিকাদের দেখা যায়। জিজ্ঞাসাবাদে গুরমান স্বীকার করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়ানো, ভিডিও ভাইরাল করা এবং ইউটিউব ও ফেসবুক থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই তিনি এসব ভিডিও তৈরি করতেন। তিনি আরও জানান, দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে ইচ্ছাকৃতভাবে নারীদের লক্ষ্যবস্তু বানাতেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন ভিডিও, স্ক্রিনশট এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধের প্রক্রিয়াও শুরু হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন