বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে।
বৈঠকে উভয়পক্ষ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও সমন্বিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৈঠকে জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসা নেওয়ার জন্য যাওয়া বাংলাদেশিদের সুবিধা মিলবে।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।