দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। তিনটি ট্রাকে করে আনা এ চালান বুধবার (৬ মে) দুপুরে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড দেশে আনা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক আমদানি করা হয়।
কাস্টমস কার্যক্রম শেষে বিস্ফোরক দ্রব্যগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। নিরাপদ খালাস ও পরিবহন নিশ্চিত করতে বন্দর এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে নির্ধারিত সময়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।