Skip to main content

Ridge Bangla

ভারত থেকে পাইপলাইনে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছাল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এই চালানটি পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। টানা সরবরাহ প্রক্রিয়া শেষে শনিবার নির্ধারিত সময়ে পুরো চালানটি ডিপোতে সংরক্ষণ করা হয়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এটি একটি নিয়মিত ও চলমান আমদানি কার্যক্রমের অংশ। তার ভাষায়, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই আরও প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। চলতি এপ্রিল মাসে বাংলাদেশ মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে, যার মধ্যে ১১ এপ্রিল প্রথম দফায় ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়।

This post was viewed: 38

আরো পড়ুন