‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তিতে পাকিস্তানের বিরুদ্ধে ফের কঠোর অবস্থান জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। সামরিক অভিযানের ভিডিও প্রকাশ করে তারা বলেছে, “ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না।”
বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে অপারেশন সিঁদুরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। সেখানে পাকিস্তানের ভেতরে ভারতীয় হামলার দৃশ্য ও কৌশলগত অভিযান দেখানো হয়েছে বলে দাবি করা হয়।
ভারতের দাবি, ২০২৫ সালের ৭ মে পেহেলগামে ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার জেরে এই অভিযান পরিচালিত হয়। ওই হামলার পর পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি ও সামরিক স্থাপনায় লক্ষ্য করে অভিযান চালানো হয় বলে জানায় নয়াদিল্লি।
ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে বলা হয়, “ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের শনাক্ত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।”
আইএএফ আরও জানায়, “অপারেশন সিঁদুর। বিচার সম্পন্ন হয়েছে। নির্ভুল অভিযানে স্মৃতিতে চিরস্থায়ী- অপারেশন সিঁদুর চলমান।”
ভিডিওর শেষে যুক্ত করা বার্তায় বলা হয়, “ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না।”
ভারতের সামরিক সূত্র দাবি করেছে, এটি গত কয়েক দশকে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বহুমাত্রিক সামরিক অভিযানগুলোর একটি। তাদের মতে, এই অভিযান ভারতের কৌশলগত ও নিরাপত্তা নীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
নয়াদিল্লির আরও দাবি, অভিযানের পর পাকিস্তানের অভ্যন্তরে চাপ বাড়ে এবং ৯ মে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে তারা বাধ্য হয়। যদিও পরবর্তী সময়ে আরও কিছুদিন সীমিত সংঘর্ষ চলেছে বলে উল্লেখ করা হয়।
ভারতীয় ভাষ্য অনুযায়ী, এই পুরো সংঘাতে পাকিস্তানের পারমাণবিক হুমকিও ভারতের সামরিক অবস্থান পরিবর্তন করতে পারেনি। বরং প্রচলিত সামরিক সক্ষমতার চাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়।