ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকুক, সেটাই চাই।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব, ভারত বিশ্বের আরেকটি বৃহত্তম গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত এগোবে।”
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত ২০ জুন থেকে শুরু হওয়া আন্দোলনের মাধ্যমে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আরও সংগঠিত হয়ে ওঠে। দলটি প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের ওপর পুলিশ বলপ্রয়োগের অভিযোগ ওঠার পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ৫৯ বছর বয়সী সমাজকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করেন। অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে একপ্রকার জোর করে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে সিজেপির আন্দোলন মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের বড় শহরে ছড়িয়ে পড়েছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।