ভারত সফররত এক ইসরায়েলি রিজার্ভ সেনাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দ রজব ফাউন্ডেশন। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত আবেদন করেছে সংস্থাটি।
ফাউন্ডেশনের দাবি, ইতান গিলবোয়া নামের ওই সেনা বর্তমানে হিমাচল প্রদেশে অবস্থান করছেন। তার বিরুদ্ধে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বেলজিয়ামভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন ফিলিস্তিনের গাজায় অভিযুক্ত ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পক্ষে প্রচারণা চালায়। সংস্থাটি বিভিন্ন দেশে অবস্থানরত অভিযুক্ত সেনাদের শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে থাকে।
ফাউন্ডেশনের অভিযোগ, ইতান গিলবোয়া গাজায় বহু বাড়িঘর ধ্বংসের ঘটনায় জড়িত ছিলেন এবং এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।
সংস্থাটি বলেছে, ১৯৬০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধকালীন সময়ে বেসামরিক মানুষের সম্পদ ধ্বংস করা যুদ্ধাপরাধের আওতায় পড়ে। ভারত ওই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হওয়ায় আন্তর্জাতিক আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে।
এক বিবৃতিতে হিন্দ রজব ফাউন্ডেশন বলেছে, “জেনেভা কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারত একটি আইনি বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। কনভেনশনের ১৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো দেশের নাগরিকই হোক না কেন- গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের বিচার করার আইনি দায়িত্ব ভারতের রয়েছে।”
সংস্থাটি আরও দাবি করেছে, “ইতান গিলবোয়া কোনো পর্যটক নন। তিনি একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধ সংগঠিত করেও কোনো বিচারের মুখোমুখি না হয়ে এ মুহূর্তে তিনি ভারতের আথিতেয়তা গ্রহণ করছেন।”
তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ইতান গিলবোয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।