Skip to main content

Ridge Bangla

ভারতে তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। ঘটনাস্থল ছিল ‘সিগাচি কেমিক্যালস’ নামের একটি কারখানা, যেখানে প্রাথমিকভাবে ৯০ জন শ্রমিক কাজ করছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেলেও বাকি মৃতদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে যায় এবং অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওষুধ তৈরির রাসায়নিক প্রক্রিয়ায় কোনো বিপর্যয় ঘটেছিল, যার ফলেই এই বিস্ফোরণ ঘটে। তবে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

This post was viewed: 183

আরো পড়ুন