Ridge Bangla

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার।

বুধবার (২৪ জুন) ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকে উল্লেখ করা হয়, দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তবে এর ফলে ভারতের বিদ্যমান রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আসবে না।

ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় প্রটোকল তালিকায় কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে কার্যকর হবে। এর মাধ্যমে ভারতের প্রটোকল তালিকায় কোনো স্থায়ী পরিবর্তন করা হয়নি।

রাষ্ট্রীয় প্রটোকল তালিকার মাধ্যমে ভারতে বিভিন্ন সরকারি ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে পদধারী ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিদের অগ্রাধিকারক্রম নির্ধারণ করা হয়।

গত ১২ জুন বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব নিতে আসেন দীনেশ ত্রিবেদী। ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ এই রাজনীতিকের জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীনেশ ত্রিবেদী।

চলতি বছরের এপ্রিলে তাকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

This post was viewed: 10

আরো পড়ুন