Ridge Bangla

ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সীমান্তে কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে না। বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য সম্পর্কে তিনি বলেন, অনেক পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সত্যতা পাওয়া যায়নি, যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

This post was viewed: 3

আরো পড়ুন