Skip to main content

Ridge Bangla

ভারতীয় মডেল সিম্মি চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভারতের হরিয়ানায় নির্মমভাবে খুন হয়েছেন ২৩ বছর বয়সী মডেল সিম্মি চৌধুরী শীতল। সোমবার (১৬ জুন) সোনিপথ জেলার খারখন্দ এলাকার একটি খাল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পানিপথের বাসিন্দা শীতল হরিয়ানাভিত্তিক বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতেন। গত ১৪ জুন আহার গ্রামে একটি গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নিখোঁজ হন তিনি। তার বোন নেহা জানান, শীতল ওই রাতে ফোনে জানিয়েছিলেন—সেটে তাঁর প্রাক্তন বন্ধু সুনীল তাকে মারধর করছে এবং জোর করে সঙ্গে নিয়ে যেতে চাইছে। এরপর থেকে শীতলের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এ ঘটনার পর নেহা মাতলাউড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ জানায়, ১৫ জুন সুনীলের গাড়ি দিল্লির একটি খালে পড়ে যায়। তবে নেহার দাবি, এটি সাজানো গল্প। তার অভিযোগ, “সুনীল আমার বোনকে হত্যা করেছে এবং পরে মিথ্যা দুর্ঘটনার নাটক সাজিয়েছে।”

সোনিপথ পুলিশের ডিএসপি রাজবীর সিং জানিয়েছেন, ঘটনাটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সোনিপথ সিভিল হাসপাতালে। সোনিপথের এসিপি অজিত সিং বলেন, “খালে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং তদন্ত শুরু করি। পরে নিশ্চিত হই এটি শীতলের মরদেহ, যিনি গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।”

সিম্মি চৌধুরীর নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পানিপথ ও হরিয়ানার বিনোদন অঙ্গনে। পুলিশ জানিয়েছে, সুনীলের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত অগ্রগতিতে রয়েছে এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন