Ridge Bangla

ভারতীয় টিভি সিরিয়ালে অপ্রত্যাশিত অতিথি বিল গেটস

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ আবারও পর্দায় ফিরেছে। চলতি বছরের জুলাই মাসে সম্প্রচার শুরু হওয়া এই সিরিয়ালটি ২৫ বছর আগে প্রথমবারের মতো শুরু হয়েছিল। নববধূ তুলসীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সিরিয়ালের নতুন অধ্যায় যতটা না দর্শকদের মনোযোগ কেড়েছে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছে বিল গেটসের উপস্থিতি। সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে দেখা যায়, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস ভিডিও কলের মাধ্যমে তুলসীর সঙ্গে কথা বলছেন। এসময় মাতৃ ও শিশুর স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।

বিল গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হ্রাসে কাজ করছে। ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা জিওস্টার এন্টারটেইনমেন্ট জানায়, গল্প বলার মাধ্যমে সমাজে সচেতনতা বাড়ানো তাদের মূল লক্ষ্য। জিওস্টারের সুমন্ত বোস বলেন, “আমরা চাই গল্পের মাধ্যমে মানুষকে তথ্য দিতে ও গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে।”

চার মিনিটের দৃশ্যে দেখা যায়, বিল গেটস হিন্দিতে সম্ভাষণ জানান, “নমস্তে তুলসীজি”, এবং মাতৃ-শিশুর স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন। এই দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে ইনস্টাগ্রামে এক দিনেরও কম সময়ে ছয় মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

জিওস্টার জানিয়েছে, বিল গেটস সিরিয়ালের তিনটি পর্বে উপস্থিত থাকবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা তৈরির জন্য ধারাবাহিকটির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে তার উপস্থিতি অত্যন্ত কার্যকর। নেটিজেনরা কৌতূহল ও বিস্ময় প্রকাশ করেছেন মন্তব্যের মাধ্যমে, যা সিরিয়ালের আলোচনাকে নতুন করে উজ্জীবিত করেছে।

This post was viewed: 32

আরো পড়ুন