চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল করেছে ৪ দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ভারতীয় নাগরিকদের জন্য আগের ভিসা সুবিধা তুলে নিয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর আগে ভারতীয় নাগরিকরা ভিসার আবেদন ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ভ্রমণ করতে পারতেন। শিরাজের নাসির আল-মুলক মসজিদ কিংবা তেহরানের গ্র্যান্ড বাজারসহ বিভিন্ন পর্যটনস্থল সহজেই ঘুরে দেখার সুযোগ ছিল তাদের। তবে সেই সুবিধা আর থাকছে না। ২০২৫ সালের নভেম্বরে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে ইরান।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয়দের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রত্যাহার করেছে। এখন দেশটিতে যেতে হলে ভারতীয় ভ্রমণকারীদের আগে থেকেই অনলাইনে ই-ভিসার আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।
দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেও ভারতীয় পর্যটকদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটি। ফলে এখন সেখানে ভ্রমণের আগে অতিরিক্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
একই ধরনের পরিবর্তন এনেছে নিকারাগুয়াও। ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন অভিবাসন নীতির আওতায় ভারতীয় পাসপোর্টধারীদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। তাদের এখন ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কনসালটেড ভিসা ক্যাটাগরি নামে পরিচিত। এর ফলে নিকারাগুয়ায় ভ্রমণের আগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হয়েছে। বিমানে ওঠার আগেই এই অনুমোদন সংগ্রহ করতে হবে।