Skip to main content

Ridge Bangla

ভারতীয়দের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তসংলগ্ন এলাকায় মাদক সংগ্রহের উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা। তিনি আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, তারা চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থানকালে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা সুপারি চোর সন্দেহে তাদের লক্ষ্য করে ছররা বন্দুক থেকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সালেহ আহমেদের মৃত্যু হয়।

ঘটনার পর তার দুই সহযোগী মো. সুমন মিয়া (২৫) ও মো. মাসুম আহম্মদ (২০) নিহতের মরদেহটি বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানিয়েছে, নিহতসহ সংশ্লিষ্টরা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান কার্যক্রমে জড়িত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

This post was viewed: 28

আরো পড়ুন