রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনের সবাই মারা গেছেন। সর্বশেষ শনিবার (২৫ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার একই ঘটনায় ফাহিমার স্বামী শাহীন এবং তার বোনের মেয়ে হাফসার মৃত্যু হয়। বিস্ফোরণে তারা তিনজনই গুরুতর দগ্ধ হয়েছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত মঙ্গলবার ভোরে ভাটারার নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, গ্যাস লাইনে লিকেজের বিষয়টি আগে থেকেই বাড়ির মালিককে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
প্রতিবেশী ও নিহতদের স্বজনদের দাবি, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুনের কোনো উৎস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।