Skip to main content

Ridge Bangla

ভাগনের বাইসাইকেল চুরির অভিযোগে বোনের মামলায় ভাই কারাগারে

নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকার জন্য ভাগনের বাইসাইকেল চুরির অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৩৬)কে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চুরি হওয়া বাইসাইকেলসহ আটক করা হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় বসবাসকারী মোছা. মরিয়ম খাতুনের (৩৯) বাড়ি থেকে তার ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান তার ভাই জাহাঙ্গীর হোসেন ওরফে কালু। অভিযোগ রয়েছে, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যেই তিনি এ চুরি করেন।

ঘটনার পর মরিয়ম খাতুন লালপুর থানায় নিজের ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে লাল ও সবুজ রঙের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, জাহাঙ্গীর হোসেন ওরফে কালুর বিরুদ্ধে তার বোন মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন