Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুলাল মিয়া (৬০) ও নসু হাজি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে দুলাল মিয়া পুলিশ নিয়ে গিয়ে অজুখানার কাজ বন্ধ করে দেন। এ সময় প্রতিপক্ষের আলম মিয়া (৬০), ফজলু মিয়া (৫৫), সাইদ মিয়া (৬৫) ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের সামনেই প্রতিপক্ষের ওপর হামলা চালায়, এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ১২ জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

This post was viewed: 41

আরো পড়ুন