Skip to main content

Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০ জন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে গিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা হাসপাতাল মোড়ে সমবেত হন। এ সময় উচালিয়াপাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের সঙ্গে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে মুজাহিদ মোশাররফের মাথায় আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে দুই গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। মূল কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 53

আরো পড়ুন