Ridge Bangla

ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষের ট্রল মেনে নিতে না পেরে ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর প্রতিপক্ষের সমর্থকদের ট্রলে মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন আলী ওই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচে নিজের সমর্থিত দল ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষের কয়েকজন সমর্থকের নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখে পড়েন রতন। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনদের দাবি।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে তিনি খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে বাইরে এসে পাউরুটি খাওয়ার পর আবার নিজের কক্ষে যান। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রতনের বাবা হোসেন আলী বলেন, রাতে খেলা দেখার পর ছেলে ঘুমিয়ে পড়ে। সকালে কিছু খেয়ে আবার ঘরে যায়। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও বলেন, রতন বিবাহিত ছিলেন এবং তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে। সন্তান জন্মের পর তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার সমর্থিত দল পরাজিত হওয়ার পর প্রতিপক্ষের কিছু সমর্থকের নেতিবাচক ট্রলের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার বাবা, মা, শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীর সঙ্গে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন