Ridge Bangla

ব্রাজিলের কিছু পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্ক

ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ জুলাই) রাতে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ সিদ্ধান্তের কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এক বছরব্যাপী তদন্তের পর ‘ট্রেড অ্যাক্ট’-এর ৩০১ নম্বর ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রের দাবি, ডিজিটাল বাণিজ্য, শুল্কনীতি, মেধাস্বত্ব, ইথানল ব্যবহারের সুযোগ এবং বন উজাড়সংক্রান্ত ব্রাজিলের নীতিমালা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এর একদিন আগে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক মাস ধরে আলোচনা চললেও কোনো সমাধান না হওয়ায় ব্রাজিল থেকে আমদানি করা কিছু পণ্যে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছিল দেশটি। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে ওই তথ্য প্রকাশ করা হয়।

জেমিসন গ্রিয়ার বলেন, মার্কিন শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠান যাতে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পায়, সে জন্য ব্রাজিলের অন্যায্য বাণিজ্যনীতির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরে বহু দফা আলোচনা হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে যুক্তরাষ্ট্র এখনো আলোচনার পথ খোলা রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়নি। তার ভাষ্য, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জনগণের স্বার্থের চেয়ে নিজের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।

নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে ব্রাজিল সরকার।

This post was viewed: 1

আরো পড়ুন