Skip to main content

Ridge Bangla

ব্যাংকে আমানত বাড়লেও ঋণপ্রাপ্তি কম, বৈষম্য বাড়ছে

বাংলাদেশের ব্যাংক খাতে গ্রাহকের আমানত দ্রুত বাড়লেও একই হারে বাড়ছে না ঋণপ্রাপ্তির হার। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়কালে নতুন আমানত হিসাব খোলা হয়েছে প্রায় ২৪ লাখ ৬০ হাজার, যেখানে একই সময়ে খোলা নতুন ঋণ হিসাব মাত্র ৫ লাখ ১৫ হাজার। অর্থাৎ, নতুন আমানতের হার ঋণের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতি গ্রাহকের গড় আমানতের পরিমাণ ১ লাখ ১৬ হাজার টাকা হলেও গড় ঋণের পরিমাণ ১২ লাখ ৭৪ হাজার টাকা। এর মাধ্যমে স্পষ্ট হয়, অধিকাংশ ঋণ যাচ্ছে অল্পসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে, যখন আমানত জমা রাখছেন অধিকাংশ সাধারণ গ্রাহক।

অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনীতিতে ধীরগতি, বিনিয়োগ ঝুঁকি এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। এর ফলে ঋণের চাহিদা কমে গেছে। পাশাপাশি, ব্যাংকিং কার্যক্রম শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামের মানুষ অনেকটাই এই সেবার বাইরে রয়ে গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের মার্চ পর্যন্ত শহরাঞ্চলে ঋণের পরিমাণ ছিল প্রায় ১৫ লাখ ৭৬ হাজার কোটি টাকা, যেখানে গ্রামাঞ্চলে এই পরিমাণ মাত্র ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক গবেষণায় বলা হয়েছে, দেশের প্রায় অর্ধেক জনগণ এখনো কোনো না কোনোভাবে ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বৈষম্য কমাতে হলে ব্যাংকিং সেক্টরকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ঋণ ও আর্থিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

This post was viewed: 55

আরো পড়ুন