থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তিনতলা টাউনহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতি ও তাদের আশ্রয়ে থাকা ৭৩টি বিড়ালের মৃত্যু হয়েছে। তবে আগুনের মধ্য থেকে ২ মাস বয়সী এক শিশু এবং এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে ব্যাংককের থন বুরি জেলার সামরে এলাকার সোই তাকসিন ১১ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।
পুলিশ ও দমকল সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। ভবনের নিচতলা থেকে আগুন দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর দ্বিতীয় তলা থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ও তার ৫৫ বছর বয়সী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
সামরে থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দম্পতি দীর্ঘদিন ধরে পথের অসহায় ও পরিত্যক্ত বিড়াল উদ্ধার করে নিজেদের বাসায় লালন-পালন করতেন। তাদের বাড়িতে প্রায় ১০০টি বিড়াল ছিল বলে জানা গেছে। প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য এলাকাবাসীর কাছেও তারা পরিচিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনের পর ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন জানান, অগ্নিকাণ্ডে ৭৩টি বিড়াল মারা গেছে। তবে ১৯টি বিড়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ২টি বিড়াল একটি পশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ১৭টিকে নিরাপদে প্রাওয়েত জেলার একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।