Ridge Bangla

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, আগুনে ঘেরা বারটির সামনের দরজা দিয়ে ভেতরে থাকা লোকজন প্রাণ বাঁচাতে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হতে দেখা গেছে। আতঙ্কিত মানুষ দৌড়ে বাইরে আসছিলেন। কেউ চিৎকার করছিলেন, আবার কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। অন্তত ২ জনকে আগুনে পুড়তেও দেখা যায়।

ঘটনার রাতেই সেখানে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। সাংবাদিকদের তিনি জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি।

থাইল্যান্ডের সংবাদমাধ্যম থাইরাথ জানিয়েছে, এখনও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী চানভিরাকুল জানান, আগুন লাগার সময় বারে গান পরিবেশন করছিলেন এমন এক সংগীতশিল্পীর সঙ্গে তিনি কথা বলেছেন।

ওই সংগীতশিল্পীর ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক কাট-আউট সুইচে প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিস্ফোরণের মতো শব্দ শোনার পর ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে সবাই ছোটাছুটি শুরু করেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ভবন থেকে বের হতে না পেরে পেছনের দিকে চলে যান। ধোঁয়া ও আগুন এড়াতে তারা টয়লেটে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়ভাবে রং বিয়ার না লাত ফ্রাও নামে পরিচিত বারটি ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত। থাই সংবাদমাধ্যম ডেইলি নিউজের তথ্য অনুযায়ী, এটি ওই এলাকার জনপ্রিয় একটি রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তোলা ছবিতে বারটির বাইরে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগ রাখা অবস্থায় দেখা গেছে। নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। আগুনে ভেতরের আসবাবপত্র, দেয়াল ও ছাদ সম্পূর্ণ কালো হয়ে গেছে। ছাদের কিছু অংশও খসে পড়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর ব্যাংককের গভর্নর চাচার্ত সিত্তিপুন্ট জানান, বারের সাজসজ্জায় দাহ্য উপকরণ ব্যবহার করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

ডেইলি নিউজকে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিষ্টি ও অন্যান্য পণ্য বিক্রির জন্য রাখা কয়েকটি টেবিল জরুরি নির্গমনপথ আটকে রেখেছিল। তবে ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বারটির সামনের পথ দিয়ে যাওয়ার সময় এক চালক আগুন দেখতে পান। তিনি দমকল বিভাগকে খবর দেন। পরে মধ্যরাতের পরপরই ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা।

ওই চালক ডেইলি নিউজকে জানিয়েছেন, তিনি গাড়ি থেকে নেমে বারটির জানালার কাচ ভেঙে অন্তত ২ জনকে বাইরে বের হতে সহায়তা করেন।

This post was viewed: 3

আরো পড়ুন