Skip to main content

Ridge Bangla

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

রবিবার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে। দ্বিতীয়ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

তৃতীয়ত, বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না। চতুর্থত, ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে। সর্বশেষ শর্ত অনুযায়ী, এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

This post was viewed: 65

আরো পড়ুন