দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে সচল করতে উদ্যোগ নিচ্ছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা ছয়টি পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকলগুলোর ইজারা ও কার্যক্রম চালুর বিষয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, শুধু এই ছয়টি নয়, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্য মিলগুলোও বেসরকারি খাতে ইজারা দিয়ে পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধি এবং হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) উচ্চপদস্থ কর্মকর্তারা।