সৌদি আরবের জয় ফোরাম ২০২৫-এ বলিউডের তিন কিংবদন্তি শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে এক মঞ্চে দেখা যায়, যা দর্শকদের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তাদের প্রাণবন্ত আড্ডা ও রসিকতার মুহূর্তগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এই আনন্দঘন অনুষ্ঠানে সালমান খানের একটি মন্তব্য এখন সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
আলোচনার একপর্যায়ে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ও বৈচিত্র্যময় দর্শক সমাজ নিয়ে কথা বলছিলেন সালমান খান। তিনি বলেন, “এই মুহূর্তে যদি সৌদি আরবে কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালায়ালাম ছবি হলে আরও বেশি ব্যবসা করবে। কারণ এখানে বহু দেশের মানুষ কাজ করছেন। বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তানের মানুষসহ অনেকে এখানে আছেন।”
ঠিক এই ‘বেলুচিস্তান’ শব্দ উচ্চারণই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন—বেলুচিস্তান তো কোনো স্বাধীন দেশ নয়, এটি পাকিস্তানের একটি প্রদেশ; তাহলে সালমানের বক্তব্যে এমন ভৌগোলিক ভুল কেন।
সমালোচকরা বলছেন, একজন আন্তর্জাতিক তারকার কাছ থেকে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। আবার, ভক্তদের একাংশ সালমানের পক্ষে সাফাই গেয়ে বলছেন, তিনি আসলে সৌদি আরবে কর্মরত বহুজাতিক জনগোষ্ঠীর কথা উল্লেখ করতে গিয়ে ভুলবশত বেলুচিস্তানের নাম নিয়েছেন, এতে রাজনৈতিক কোনো ইঙ্গিত ছিল না।