Ridge Bangla

বেলুচিস্তানে অভিযানে ১৭ ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঁচ জেলায় পৃথক অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (২ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ মে কোয়েটায় ট্রেনে আত্মঘাতী বোমা হামলার পর এর জবাবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলুচিস্তানের মাস্তুং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালায়।

পাকিস্তানের দাবি, এসব অভিযান ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। দেশটির সরকার পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকার অভিযোগ তুলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মিকে এই নামে উল্লেখ করে থাকে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, ‘তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ফিতনা-আল-হিন্দুস্তানের ১৭ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে, যা এই এলাকাগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর ওপর একটি বড় আঘাত।’

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের সময় জঙ্গিদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর অনুসন্ধান ও ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন