Ridge Bangla

বেনজীরকে দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনাকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, এ ঘটনার মাধ্যমে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।

রোববার জাতীয় সংসদে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অব পুলিশ, ন্যাশনাল ব্যুরো অব এনসিবি, আবুধাবি থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরো আবেদন করে।

সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৫ সালে ওই আবেদন পাঠানো হয় এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। পরে ইন্টারপোল রেড নোটিশ জারি করে এবং বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানায়।

This post was viewed: 3

আরো পড়ুন