Ridge Bangla

বেতন-বোনাস না দেওয়ায় এমবাপ্পেকে আরও ৬ কোটি ইউরো দিতে হবে পিএসজিকে

পিএসজির সাবেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বকেয়া বেতন ও বোনাস বাবদ আরও ৬ কোটি ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে ফ্রান্সের একটি আদালত। দীর্ঘদিনের আইনি বিরোধের পর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্যারিস শ্রম আদালত এই রায় ঘোষণা করেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা ২৬ বছর বয়সী এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে মোট ২৬ কোটি ৩০ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে মানসিকভাবে হয়রানি করেছে এবং প্রাপ্য অর্থ পরিশোধ করেনি। পাল্টা হিসেবে পিএসজিও এমবাপ্পের বিরুদ্ধে ২৪ কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করে মামলা করে।

তবে আদালত এমবাপ্পের দাবির সম্পূর্ণ অংশ মেনে না নিয়ে প্রায় এক-পঞ্চমাংশ অর্থ প্রদানের নির্দেশ দেন। রায়ে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে এমবাপ্পের বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে পিএসজি। পাশাপাশি চুক্তিতে উল্লেখ থাকা নৈতিকতা বোনাস ও সাইনিং বোনাসও দেওয়া হয়নি।

আইনজীবীদের মতে, প্রদেয় অর্থের বড় অংশই বোনাস সংক্রান্ত, বেতন নয়। উল্লেখ্য, গত মে মাসে এমবাপ্পের আইনি দলের আবেদনের পর পিএসজির হিসাব থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরো সাময়িকভাবে জব্দ করা হয়েছিল। এই রায় পিএসজি ও এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

This post was viewed: 31

আরো পড়ুন