Skip to main content

Ridge Bangla

বেজার বিদ্যুৎ নেটওয়ার্কে ২১১ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনের জন্য ২১১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩২৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পের জোন-২এ ও জোন-২বি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি সরকারি অর্থ এবং বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কাজটির জন্য ৫টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে ৩টি দরপত্রকে কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান রেভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ভ্যাট ও করসহ মোট ২১১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩২৫ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

চুক্তির আওতায় অর্থনৈতিক অঞ্চলে একটি ৩৩ কেভি সুইচিং স্টেশন, ২০/২৮ এমভিএ ক্ষমতাসম্পন্ন ২টি পাওয়ার ট্রান্সফরমার এবং ৯ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল লাইন স্থাপন করা হবে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পটি চলতি বছরের ২৯ জানুয়ারি পরিকল্পনা কমিশনের অনুমোদন পায়। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

This post was viewed: 3

আরো পড়ুন