Skip to main content

Ridge Bangla

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া–প্রার্থনার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ে (মন্দির, গির্জা ও প্যাগোডায়) নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সরকারি বিবৃতিতে বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি বিভিন্ন ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনারও অনুরোধ করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নিতে অনুরোধ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগকে সার্বজনীন মানবিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে কাজ করছেন।

This post was viewed: 56

আরো পড়ুন