Ridge Bangla

বেআইনি সমাবেশ রোধে মনিটরিং জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেআইনি সমাবেশ ও ঝটিকা মিছিল প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে মনিটরিং আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব কর্মকাণ্ডের নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির নানামুখী ষড়যন্ত্র হতে পারে। তবে সরকার সেসব চেষ্টা আগেই মোকাবিলা করবে। তিনি জানান, প্রধান উপদেষ্টা মনে করিয়ে দিয়েছেন, গত বছরের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল, এ বছরও সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

ড. ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেন, যেন কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি না হয়। তিনি জোর দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সভায় দুর্গাপূজার সময় সারাদেশে বাড়তি নিরাপত্তা, বিশেষ করে মণ্ডপকেন্দ্রিক এলাকায় নজরদারি ও টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

This post was viewed: 31

আরো পড়ুন