Skip to main content

Ridge Bangla

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু হবে। তবে কোন কোন দলকে প্রথম পর্যায়ে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সাংবাদিকরা বৃহস্পতিবার ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংলাপ আয়োজন একটি পৃথক কার্যক্রম। ১৩ তারিখে আমাদের সংলাপের প্রস্তুতি থাকবে, নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা বেড়েছে কি না এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আমরা আশাবাদী যে সব রাজনৈতিক দল ইতিবাচক সাড়া দেবে। সংলাপের মাধ্যমে সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে আরপিও এবং আচরণবিধিতে কিছু সংশোধন আনা হয়েছে। এসব পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। একই সঙ্গে দলগুলোর নিজস্ব মতামত ও প্রস্তাবও মনোযোগ সহকারে শোনা হবে।

This post was viewed: 45

আরো পড়ুন