Skip to main content

Ridge Bangla

বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করে। এ বছর দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় সংগীত দল ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীতদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীতের ক্ষেত্রে দলগত অবদানের স্বীকৃতি হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত। প্রতিবছর সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পদকে সম্মানিত করে সরকার।

This post was viewed: 23

আরো পড়ুন