Skip to main content

Ridge Bangla

বৃষ্টি-বন্যার প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, মুরগি, মাছ এবং প্রায় সব ধরনের সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের ক্রেতারা।

রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। তালতলা বাজারের এক বিক্রেতা জানান, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২৬০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও এর দাম ছিল ২০০ টাকা, আর বন্যা ও টানা বৃষ্টির আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। বাজারের বাইরে ভ্রাম্যমাণ বিক্রেতারাও প্রতি পোয়া মরিচ ৬৫ টাকায় বিক্রি করছেন, যা কেজিপ্রতি প্রায় ২৬০ টাকার সমান।

পেঁয়াজের দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে দাম উঠেছে ৬০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩৫ থেকে ৪৫ টাকায় পেঁয়াজ পাওয়া যেত।

সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম। পেঁপে ৪০ টাকা এবং পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ দুটি ছাড়া অন্য কোনো সবজির দাম ৮০ টাকার নিচে নেই। অধিকাংশ সবজির কেজি এখন প্রায় ১০০ টাকার কাছাকাছি।

রামপুরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে। ঝিঙা ও চিচিঙ্গার দাম ৮০ থেকে ১০০ টাকা এবং করলা ১২০ টাকা কেজি। শসা ও গাজরের কেজিও বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

সবজির পাশাপাশি বেড়েছে মুরগি, ডিম ও মাছের দামও। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে অনেক পণ্য নষ্ট হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

বর্তমানে খামারের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা কয়েকদিন আগে ছিল ১৩০ টাকা। দেড় থেকে দুই সপ্তাহ আগে একই ডজন ডিম পাওয়া যেত ১২০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকা কেজিতে।

মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ, যা কিছুদিন আগেও ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হতো, এখন তার দাম বেড়ে হয়েছে ৪০০ থেকে ৪২০ টাকা। বিক্রেতাদের মতে, কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের আকস্মিক বন্যার প্রভাবেই মাছের সরবরাহ কমে দাম বেড়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন