কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হয়ে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) এনএসসি আনুষ্ঠানিকভাবে রুবাবাকে পরিচালক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এবং একই দিন তিনি বিসিবির বোর্ড সভায় যোগ দেন।
রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু প্রথম বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। ক্রীড়াঙ্গনে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে—রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন।
তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া এয়ারটেলের শীর্ষ পর্যায়েও কাজ করেছেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন, যা তার দায়িত্ব পালনকালেই হয়েছিল।
কর্পোরেট জগতে সুপরিচিত রুবাবা দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) তাকে তাদের মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবিতে পাঠিয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি দুজন পরিচালক মনোনীত করতে পারে।
উল্লেখ্য, রুবাবা দৌলার আগে এনএসসির মনোনয়নে বোর্ডে যোগ দিয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহমেদ, যার মনোনয়ন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বিতর্কিত হয়ে বাতিল হয় এবং পরে তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে রুবাবাকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়।