বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার একদিন পরই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে সীমান্ত জানান, পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুদায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। কারণ তার পিতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এজন্য এখন ব্যবসার দেখভালের বড় অংশ তাকে সামলাতে হচ্ছে। এমতাবস্থায় বিসিবির পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। তবে দায়িত্ব গ্রহণের পরদিনই ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।