বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরের পদ্ধতি বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়।
বর্তমানে চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের নতুন নিয়মে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মো. আব্দুল বারী আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী এই পরীক্ষা নেওয়া হয়।
তিনি বলেন, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে।
সরকারের এই সিদ্ধান্ত বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন করতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।