Ridge Bangla

‘বিষাক্ত পুরুষ’ নিয়ে বিজ্ঞাপনে বিতর্ক, চীনে ক্ষমা চাইল ডেটল

চীনে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে তৈরি করা একটি বিজ্ঞাপন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ জীবাণুনাশক পণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড ডেটল। বিতর্কের জেরে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

ডেটলের মাল্টিপারপাস ডিসইনফেক্ট্যান্ট পণ্যের ৫ মিনিটের বিজ্ঞাপনটি ছোট নাটকের আদলে তৈরি করা হয়েছিল। সেখানে শুরুতে দেখানো হয়, একজন পুরুষ এমন একজন নারী সঙ্গী খুঁজছেন, যিনি ‘পরিচ্ছন্ন’ এবং ‘অন্য কোনো পুরুষের সংস্পর্শে এসে কলঙ্কিত হননি।’

তবে গল্পের শেষ দিকে ওই পুরুষ চরিত্রের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান নেন তাঁর নতুন প্রেমিকা। তিনি পুরুষটির নারীবিদ্বেষী মনোভাবের সমালোচনা করে সম্পর্ক শেষ করেন। ওই অংশেই ডেটলকে সমাধান হিসেবে তুলে ধরে বার্তা দেওয়া হয়- ‘বিষাক্ত পুরুষেরা ঠিক ব্যাকটেরিয়ার মতো।’

বিজ্ঞাপনটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকের অভিযোগ, এতে নারীদের পণ্যের মতো উপস্থাপন করা হয়েছে। আবার অনেকে ডেটলের পণ্য বর্জনের আহ্বান জানান। সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।

ডেটল জানিয়েছে, বিজ্ঞাপনটির উদ্দেশ্য ছিল লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণার সমালোচনা করা। তবে অনলাইনে এর কিছু অংশ আলাদাভাবে ছড়িয়ে পড়ায় মূল বার্তাটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আমরা স্বীকার করছি, এটি অনেক মানুষকে, বিশেষ করে নারীদের অনুভূতিতে আঘাত করেছে। এই বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি এবং তা পর্যালোচনার ক্ষেত্রে যেকোনো ধরনের অসাবধানতার সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভবিষ্যতে তারা বিষয়বস্তু যাচাইয়ের প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে।

পরিবারের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে ডেটলের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভালোভাবেই অবগত যে প্রকৃত সুরক্ষা লুকিয়ে রয়েছে প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা এবং সম-অধিকার নিশ্চিতকরণের মধ্যে।’

বিজ্ঞাপনটি নিয়ে কয়েক দিন ধরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মানুষের ‘পবিত্রতা’ বা পরিচ্ছন্নতার ধারণাকে জীবাণুনাশক পণ্যের কার্যকারিতার সঙ্গে তুলনা করার বিষয়টি অনেকের ক্ষোভের কারণ হয়েছে।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কী জঘন্য একটা বিজ্ঞাপন। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

আরেকজন মন্তব্য করেন, ‘একটি আশাহীন কোম্পানি। তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা কী করছেন? আমি আর কখনো ডেটল ব্যবহার করব না। বাজারে তো আরও অনেক ব্র্যান্ড আছে।’

ডিজিটাল চীনবিষয়ক বিশেষজ্ঞ মান্য কোয়েটসে এই প্রচারণাকে ব্যর্থ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যে ব্র্যান্ডের পুরো ব্যবসাই পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে, তাদের জন্য এটি একটি বড় বিশৃঙ্খলা। পুরুষ চরিত্রটিকে ভুল প্রমাণ করার উদ্দেশ্য থাকলেও, বার্তাটি এত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে যে এটি সম্পূর্ণ উল্টো ফল দিয়েছে।’

ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান রেকিটের মালিকানাধীন ডেটল এর আগেও চীনে বিজ্ঞাপন নিয়ে বিতর্কে পড়েছিল। গত বছর তাদের আরেকটি বিজ্ঞাপন সমালোচিত হয়, যেখানে বলা হয়েছিল, ‘বিয়ের ঠিক আগে মেয়েটিকে ফেরত দেওয়া হয়েছিল; নিশ্চয়ই সে পরিচ্ছন্ন ছিল না।’

This post was viewed: 4

আরো পড়ুন