Ridge Bangla

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে সারায়েভো, ঢাকার অবস্থান ষষ্ঠ

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৪৫১, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে, যেখানে একিউআই স্কোর দাঁড়িয়েছে ২০২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেটে এসব তথ্য উঠে আসে।

এই আপডেট অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ২৮২। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (২২৪), চতুর্থ স্থানে চীনের হুয়ান শহর (২১৩) এবং পঞ্চম স্থানে রয়েছে চিলির রাজধানী সানতিয়াগো, যার স্কোর ২১২।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর অধিক দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।

This post was viewed: 26

আরো পড়ুন