Ridge Bangla

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-লেবানন সংঘাত আরও তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের লেবাননে সামরিক অভিযান জোরদার এবং হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত নতুন করে সরবরাহ ঝুঁকির আশঙ্কা তৈরি করেছে। এতে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ দেখা দিয়েছে।

তারা আরও বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার পরও সংঘাত বাড়ায় ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি ও যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা উদ্বেগও বাজারে প্রভাব ফেলছে। এই প্রণালি দিয়ে বিশ্বে মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়ে থাকে।

This post was viewed: 4

আরো পড়ুন