Ridge Bangla

বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল দল নিজেদের চেনা নেই অনেকদিন। সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সের কারণে ২০২৬ বিশ্বকাপে দলটির শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে খোদ ভক্তদের মনেই তৈরি হয়েছে সংশয়। তবে মাঠের পারফরম্যান্স যেমনই হোক না কেন, বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানির বাজারে এখনো একক আধিপত্য বজায় রেখেছে সেলেসাওরা।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বের ১৩৫টি পেশাদার ফুটবল লিগের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে বর্তমানে ১ হাজার ৪৫৫ জন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন। গত বছরও ১ হাজার ৪১৮ জন খেলোয়াড় নিয়ে তালিকায় শীর্ষে ছিল লাতিন আমেরিকার দেশটি।

তবে ব্রাজিল শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স। বর্তমানে বিভিন্ন বিদেশি লিগে খেলছেন এমন ফরাসি ফুটবলারের সংখ্যা ১ হাজার ২৭৫ জন। পরিসংখ্যান বলছে, বিগত পাঁচ বছরে ফ্রান্সের খেলোয়াড় রপ্তানির হার প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফুটবলার রপ্তানির এই বিশ্বতালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বর্তমানে আলবিসেলেস্তেদের ১ হাজার ১৬ জন ফুটবলার নিজ দেশের বাইরে বিভিন্ন লিগে মাঠ মাতাচ্ছেন। গত বছরের তুলনায় শীর্ষ তিন দেশের মধ্যে এবার ফ্রান্সের খেলোয়াড় রপ্তানি সবচেয়ে বেশি, ৮৬ জন বেড়েছে।

শীর্ষ তিনটি দেশের সঙ্গে ফুটবলারদের বৈশ্বিক এই বাজারে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে পর্তুগাল, স্পেন ও নাইজেরিয়া। গত কয়েক বছরে পর্তুগালের খেলোয়াড় রপ্তানি বেড়েছে ৬৬ শতাংশ। অপরদিকে স্পেন ও নাইজেরিয়া উভয় দেশই এক্ষেত্রে ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন