আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে এবং তা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। সংস্থার বিশ্লেষকরা জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে কম হতে পারে।
বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি এ পরিস্থিতিকে আরও খারাপ করবে। জি-৭ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। দেশটির অর্থনীতি ধীরে ধীরে কম প্রবৃদ্ধির দিকে যেতে পারে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে। ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, “যুদ্ধ তাদের দেশেই না ঘটলেও এর প্রভাব যুক্তরাজ্যকে বহন করতে হচ্ছে।”
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিনচাস সতর্ক করে বলেছেন, “যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তেল ও গ্যাস সরবরাহে বড় সংকট দেখা দেবে।” তিনি আরও উল্লেখ করেছেন, “তেলের দাম যদি দীর্ঘ সময় ধরে প্রতি ব্যারেল ১১০ ডলারের বেশি থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি বড় মন্দার মুখোমুখি হতে পারে।”