মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তজনা ও সংঘাতের জেরে বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসেবে অভিহিত করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।
সংকট ঘনীভূত হওয়ার নেপথ্যে মূল কারণ হিসেবে দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির অচলাবস্থা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে প্রায় বন্ধের পথে। আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, সাম্প্রতিক ইরান, ইসরাইল ও আমেরিকার যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্তত ৮০টি তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সদস্য দেশগুলোকে অবিলম্বে জ্বালানি সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে আইইএ। যদিও আপদকালীন পরিস্থিতি সামলাতে ‘কৌশগত তেলের মজুত’ ব্যবহারের সুযোগ রয়েছে, তবে ফাতিহ বিরোল একে দীর্ঘমেয়াদী সমাধানের পরিবর্তে কেবল সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন।
জ্বালানি বাজারের এই অস্থিরতাকে আরও উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজের উপস্থিতি। এর বিপরীতে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বন্দরে কোনো ধরনের হামলা চালানো হলে পুরো উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত হবে।