Skip to main content

Ridge Bangla

বিশ্বকাপ ফাইনালের ঘটনার তদন্ত শুরু, পারেদেসের লাল কার্ড প্রত্যাহার ফিফার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছিল- এমন তথ্যও আনুষ্ঠানিক ম্যাচ নথি থেকে প্রত্যাহার করেছে সংস্থাটি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ম্যাচ-পরবর্তী ঘটনায় শৃঙ্খলাভঙ্গের সম্ভাব্য অভিযোগ তদন্ত করবেন।

বিবৃতিতে ফিফা জানায়, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট মূল্যায়নের ভিত্তিতে সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলো তদন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ শাস্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফাইনালে আক্রমণাত্মক খেলার কারণে আর্জেন্টিনা সমালোচনার মুখে পড়ে। নির্ধারিত সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। ম্যাচ শেষে স্পেনের উদ্‌যাপনের সময় নাউয়েল মলিনা দৌড়ে গিয়ে রদ্রির বুকে আঘাত করেন। পরে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্পেনের দানি ওলমোর মধ্যে উত্তপ্ত বাক্‌বিতণ্ডাও হয়।

এদিকে শেষ বাঁশির পর স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পরে ফিফা স্পষ্ট করে জানায়, ম্যাচ-পরবর্তী ঘটনায় পারেদেসের বিরুদ্ধে মাঠে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁর নামে লাল কার্ডের তথ্য আনুষ্ঠানিক নথি থেকে প্রত্যাহার করা হয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন