Ridge Bangla

বিশ্বকাপের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না সোমালি রেফারি

ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। শনিবার দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। খবর আল জাজিরার।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধ এবং আসন্ন বিশ্বকাপে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় ওমর আরতানকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকেও সরিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আরতানকে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি না পাওয়ায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা ও দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন না।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র ইমেইলে জানান, ওমরকে ‘ভেটিং–সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। যদিও ওমরের যুক্তরাষ্ট্রে পৌঁছানো থেকে ধারণা করা হচ্ছে, ভ্রমণের আগে তার বৈধ ভিসা ছিল।

সোমালিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর একটি। এর আগে দেশটি ও সোমালি জনগণকে নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বলে মন্তব্য করেও সমালোচিত হন তিনি।

বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির তালিকায় ছিলেন ওমর আরতান। আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি হিসেবে পরিচিত তিনি। প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপ ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ার কথা ছিল তার।

This post was viewed: 9

আরো পড়ুন