Skip to main content

Ridge Bangla

বিশ্বকাপের আগেই মেসির বিরুদ্ধে প্রতারণার মামলা

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক আদালতে মামলাটি করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’।

মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের স্বত্ব কিনেছিল ভিআইডি। প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে সম্পাদিত এই চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে কমপক্ষে ৩০ মিনিট খেলতে হবে।

আয়োজক সংস্থাটির অভিযোগ, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মিনিটের জন্যও মাঠে নামেননি। অথচ ওই ম্যাচে মেসির পরিবারের জন্য স্টেডিয়ামে ব্যয়বহুল ভিআইপি সুইট বুকিংয়ের খরচও বহন করেছিল প্রতিষ্ঠানটি।

সবচেয়ে বিতর্কিত বিষয়টি সামনে আসে ভেনেজুয়েলা ম্যাচের পরদিনই। জাতীয় দলের হয়ে শারীরিক অস্বস্তির অজুহাতে না খেললেও, এর ঠিক একদিন পরেই ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে তিনি জোড়া গোলও করেন। আয়োজকদের দাবি, এটি স্পষ্টতই প্রমাণ করে যে মেসি খেলার মতো সম্পূর্ণ ফিট ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে প্রীতি ম্যাচটি এড়িয়ে গেছেন।

মামলায় পুয়ের্তো রিকো ম্যাচ নিয়ে অন্য এক অভিযোগ উত্থাপন করা হয়েছে। শিকাগোর বিশাল সোলজার ফিল্ডে ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ফোর্ট লডারডেলের ছোট চেজ স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। এতে দর্শক ধারণক্ষমতা কমে যাওয়ায় প্রায় ১০ লাখ ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভিআইডি।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিরাপত্তার অজুহাতে ভেন্যু পরিবর্তন করলেও শিকাগো কর্তৃপক্ষের দাবি ছিল, মূলত টিকিট বিক্রি কম হওয়া। এই ক্ষতি পুষিয়ে দিতে চীনে বিকল্প ম্যাচের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে এএফএ তা পালন করেনি বলে জানানো হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এমন আইনি জটিলতা আর্জেন্টিনা দলের মানসিকতায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে এই মামলার বিষয়ে এখন পর্যন্ত লিওনেল মেসি বা এএফএ-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 37

আরো পড়ুন