Ridge Bangla

বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের রোববারের অধিবেশনের শেষ পর্যায়ে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেটের ওপর আলোচনার সমাপনী বক্তব্যের পর বিল উত্থাপন ও কার্যপ্রণালি নিয়ে আপত্তি জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন দলটির সংসদ সদস্যরা।

এদিন বাজেট আলোচনায় সর্বশেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন’ এবং ‘পাবলিক এক্সামিনেশন (অফেনস্) (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করা হয়।

বিরোধী দলের অভিযোগ, আগাম নোটিশ ছাড়াই বিল দুটি সংসদে আনা হয়েছে। এ কারণে তারা বিল উত্থাপনে আপত্তি জানায়। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সময় মার্জনা করা হয়েছে। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এরপর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ চান। ডেপুটি স্পিকার জানান, ওই মুহূর্তে পয়েন্ট অব অর্ডার গ্রহণ করা সম্ভব নয়, কারণ ৩০০ বিধির আওতায় একটি বিবৃতি রয়েছে। এরপর তিনি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’ জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’

এরপর বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াক আউট করলাম।’ এ কথা বলে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, বিরোধী দলকে কম সময় দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার প্রতিবাদে তাঁরা ওয়াকআউট করেছেন।

ওয়াকআউটের পর স্থানীয় সরকারমন্ত্রী জানান, তিনি আগামীকাল বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

This post was viewed: 1

আরো পড়ুন