গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসে ট্রাকচাপায় রাসেল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পুরো ঘটনাটি পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা এলাকার রুবেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাদার সঙ্গে নাসিরাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল রাসেল। সন্ধ্যার আগে তারা মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি দাদার আগে এগিয়ে গিয়ে সড়কের মাঝামাঝি পৌঁছে যায়। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রাকটির সামনের বাম পাশের চাকায় আটকে রাসেল প্রায় ২০ ফুট দূর পর্যন্ত ছিটকে ও ছেঁচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, শিশুটি মহাসড়কে ওঠার পর মুহূর্তের মধ্যেই ট্রাকটি তাকে চাপা দেয় এবং কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের স্বজনরা থানায় রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।