Ridge Bangla

বিয়ের আশ্বাসে সম্পর্কের অভিযোগ, কৃষকদল নেতা কারাগারে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানো এবং হুমকি দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রায়হান মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন শম্পা বিশ্বাস। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে রায়হান নিয়মিত তাঁর বাসায় যাতায়াত করতেন।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন রায়হান। তবে বিয়ের বিষয়টি সামনে এলে তিনি বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের প্রসঙ্গ তোলা হলে তিনি তা অস্বীকার করেন এবং হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, মামলা করার পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে রোববার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, ঘটনাটি ব্যক্তিগত হলেও অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে রায়হানকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক পদে থাকা এক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় মাগুরার রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন অনেকেই।

This post was viewed: 1

আরো পড়ুন